লিবিয়ায় প্রায় এক বছর ধরে মানবপাচারকারী চক্রের হাতে আটক বাবাকে জীবিত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর ছেলে মুন্না।
বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে মুন্না অভিযোগ করেন, তার ছোট বোন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার ব্যয় বহনের জন্য পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। এ সময় পূর্বপরিচিত শিপন খান তার বাবাকে ইতালিতে পাঠানোর প্রস্তাব দেন। ২০ লাখ টাকার বিনিময়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে ইতালি পৌঁছে দেওয়ার কথা বলা হলে তারা প্রথমে ৬ লাখ টাকা ও পাসপোর্ট দেন। পরে ব্যাংকের মাধ্যমে আরও ১৪ লাখ টাকা দেওয়া হয়।
তবে অভিযোগ অনুযায়ী, ইতালিতে পাঠানোর পরিবর্তে তার বাবাকে লিবিয়ায় নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। সেখানে তাকে দীর্ঘ সময় একটি ঘরে আটক রাখা, পর্যাপ্ত খাবার না দেওয়া এবং বিভিন্ন খরচের কথা বলে পরিবারের কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়।
মুন্না বলেন, পরবর্তীতে তার বাবাকে দেশে ফিরিয়ে দেওয়ার কথা বললে দালাল চক্র মাফিয়ার হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। বাবার জীবন বাঁচাতে পরিবারের পক্ষ থেকে আরও ১২ লাখ ও ৮ লাখ টাকা দেওয়া হয়। এমনকি তার বোনের চিকিৎসার জন্য সংগ্রহ করা টাকাও বাবাকে উদ্ধারের আশায় ওই চক্রের হাতে তুলে দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, পরে গ্রাম্য সালিশের মাধ্যমে বাবাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে দালালরা তার বাবাকে একটি বাহিনীর কাছে তুলে দেয় এবং পরিবারকে জানায় তিনি পালিয়ে গেছেন। কয়েকদিন পর চাপ সৃষ্টি করলে তারা স্বীকার করে যে তার বাবা ‘কালাবুস’ নামের একটি বাহিনীর কাছে আটক রয়েছেন এবং তাকে ছাড়াতে ১২ লাখ টাকা প্রয়োজন। পরে আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে বাবাকে সেখান থেকে এনে আবারও দালালের কাছে রাখা হয় বলে অভিযোগ করেন মুন্না।
মুন্না জানান, এ ঘটনায় মাদারীপুর আদালতের মানবপাচার ট্রাইব্যুনালে পিটিশন নং-৩৪৯/২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদারীপুর সদর থানার আওতাধীন এবং মামলা নং-২২, বার্ষিক নং-৭৪০ বলে তিনি জানান। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বনশ্রী এলাকায় কথিত দালালদের ঠিকানা পাওয়া যায়। খিলগাঁও থানা এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালমানের সহযোগিতায় চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে মামলা করার পর থেকেই তাদের ওপর মামলা তুলে নেওয়া, আপস করা এবং বিভিন্ন ধরনের হুমকি আসছে বলে অভিযোগ করেন মুন্না। তার দাবি, তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
আরও বাংলাদেশি লিবিয়ায় আটকে থাকার দাবি
সংবাদ সম্মেলনে মুন্না দাবি করেন, তার বাবার মতো আরও ৪০ জনের বেশি বাংলাদেশি নাগরিক ওই চক্রের হাতে লিবিয়ায় আটকে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এসব ব্যক্তির পরিবারকেও ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখার অভিযোগ করেন তিনি।
এ ছাড়া মুন্না তালুকদার, ইমরান ও বায়েজিদ শেখসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক লিবিয়ায় নিহত হয়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে বলে জানান তিনি। এসব মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের দাবি জানান মুন্না।
তিনি বলেন, বিভিন্ন পরিবারকে তাদের স্বজন সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বলে জানানো হলেও পরিবারের কাছে থাকা তথ্য অনুযায়ী তাদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
যাদের বিরুদ্ধে তদন্তের দাবি
সংবাদ সম্মেলনে মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অমিত হাসান কবির, লিটু মুন্সী, শিপন খান, তানিয়া মুন্সী, মোমিন ও জাহিদ নামে ছয়জনের বিরুদ্ধে তদন্তের দাবি জানান মুন্না।
তবে তিনি স্পষ্ট করে বলেন, তারা কারও বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা করছেন না; তাদের কাছে থাকা তথ্য ও অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত চান। তদন্তে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ছয় দফা দাবি
সংবাদ সম্মেলনে মুন্না সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. লিবিয়া থেকে তার বাবাকে দ্রুত জীবিত ও নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে হবে।
২. মানবপাচারকারী চক্রের মূল হোতা, সহযোগী এবং বাংলাদেশ ও লিবিয়ায় থাকা সংশ্লিষ্টদের তদন্তের আওতায় আনতে হবে।
৩. লিবিয়ায় নিহত বাংলাদেশিদের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
৪. মানবপাচার, অবৈধভাবে আটক, প্রতারণা, মুক্তিপণের জন্য চাপ, প্রাণনাশের হুমকি ও হত্যার মতো অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৫. ব্যাংক লেনদেনসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে পরিবারের কাছ থেকে নেওয়া টাকা উদ্ধারের ব্যবস্থা করতে হবে।
৬. মুন্না ও তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে মুন্না বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না। আমি শুধু আমার বাবাকে জীবিত ফিরে পেতে চাই। কোনো টাকা দিয়ে বা কোনো আপসের মাধ্যমে নয়—রাষ্ট্রের সহযোগিতায় এবং আইনগতভাবে আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, তার বাবা বর্তমানে জীবনঝুঁকিতে রয়েছেন বলে তারা আশঙ্কা করছেন। একই সঙ্গে লিবিয়ায় আটক অন্য বাংলাদেশিদের দ্রুত উদ্ধারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মতামত