নওগাঁর সাপাহার উপজেলায় মালিকানা ও দখল নিয়ে বিরোধপূর্ণ একটি দিঘিতে বন বিভাগের লোকজন জাল ফেলে মাছ ধরেছেন—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বন বিভাগ বলছে, দিঘিতে থাকা অতিরিক্ত আগাছা পরিষ্কারের জন্য জাল ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে দিঘিটি নিয়ে আদালতে আপিল মামলা বিচারাধীন রয়েছে।
আদালতের নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরোধপূর্ণ দিঘিটির স্বত্ব নিয়ে সামাজিক বন বিভাগ, রাজশাহীর পক্ষে সাপাহার ফরেস্ট বিট অফিসার বাদী হয়ে নওগাঁর যুগ্ম জেলা জজ, দ্বিতীয় আদালতে ২৯/২০১৭ নম্বর স্বত্ব ঘোষণার মামলা দায়ের করেন। মামলাটির শুনানি শেষে চলতি বছরের ১৩ আগস্ট আদালত নালিশি সম্পত্তিতে সামাজিক বন বিভাগের স্বত্ব ঘোষণা করে ডিক্রি প্রদান করেন।
এ রায়ের বিরুদ্ধে মো. জাহিদুল ইসলাম নওগাঁ জেলা জজ আদালতে ৯১/২০২৬ নম্বর স্বত্ব আপিল মামলা দায়ের করেছেন। আপিলের সঙ্গে তিনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করেন। আদালত রেসপনডেন্ট পক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিঘিতে প্রবেশ, মাছ ধরা, গাছপালা কাটা কিংবা দিঘিটি লিজ দেওয়ার বিষয়ে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না—তা জানতে চেয়েছেন।
আপিলকারী পক্ষের দাবি, বিরোধপূর্ণ দিঘিটির আয়তন প্রায় ৭ দশমিক ২৯ একর। দীর্ঘদিন ধরে তারা ওই দিঘিতে মাছ চাষসহ ভোগদখলে রয়েছেন। তাদের দাবি, বন বিভাগ দিঘিটির মালিকানা নিজেদের বলে দাবি করলেও সেই দাবি সঠিক নয়। এ কারণে তারা আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
এদিকে, বিচারাধীন অবস্থায় দিঘিতে বন বিভাগের লোকজন জাল ফেলে মাছ ধরছেন বলে অভিযোগ করেছেন আপিলকারী মো. জাহিদুল ইসলামের পরিবার। তাদের দাবি, আদালতে আপিল ও অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন চলমান থাকা অবস্থায় দিঘিতে এ ধরনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে মাছ ধরার অভিযোগ অস্বীকার করেছেন খঞ্জনপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান। তিনি বলেন, “দিঘিটি নিয়ে আদালতের রায় বন বিভাগের পক্ষে রয়েছে। দিঘিতে প্রচুর আগাছা থাকায় জাল ব্যবহার করে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে দিঘিটি লিজ দেওয়া হবে।”
সংশ্লিষ্টরা বলছেন, দিঘিটির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের বিরোধ বর্তমানে আদালতে বিচারাধীন। আপিলের শুনানি ও আদালতের পরবর্তী আদেশের ভিত্তিতেই বিরোধপূর্ণ সম্পত্তিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
মতামত