কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ মো. সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নুর কবীর নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীন নাজিরপাড়া বিওপির আওতাধীন শিলবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলবুনিয়া এলাকায় নুর কবীরের বসতবাড়িতে মাদকদ্রব্য মজুদের খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ৯টার দিকে বিজিবির আভিযানিক দল বাড়িটি ঘিরে ফেললে বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবীর পালিয়ে যায়। এ সময় সেলিমকে আটক করা হয়।
পরে ওই বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক সেলিম শিলবুনিয়াপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে। পলাতক নুর কবীরও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ মজুদ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও জব্দ মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত