নওগাঁ জেলা পুলিশের বিশেষ ট্রাফিক অভিযানে জেলার ১১টি উপজেলায় একযোগে ২০টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এ সময় ৬ শতাধিক যানবাহন তল্লাশি করে সড়ক পরিবহন আইন অনুযায়ী ৩৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে ১২টি মোটরসাইকেল।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিশেষ করে মোটরসাইকেল ও চার্জার ভ্যানসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকের বৈধতা এবং সড়ক পরিবহন আইন প্রতিপালনের বিষয়টি যাচাই করা হয়। এ সময় কয়েকজন অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল চালককে আটক করে মুচলেকার মাধ্যমে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।জেলা পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে মোটরসাইকেল তুলে দেবেন না। এতে সন্তানের জীবন ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি সড়কে অন্যদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।
সড়কে আইন মেনে চলুন, নিরাপদে চলাচল করুন এবং দুর্ঘটনা এড়িয়ে চলুন—এমন আহ্বান জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।
মতামত