নওগাঁর মান্দায় এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জিয়াবুর রহমান (৪২) নামে এক ইউপি সদস্য পদপ্রার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নারীকেও আটক করা হয়। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউনপট্টি এলাকার আফজালের ছেলে। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে। আটক নারী একই এলাকার শ্রী সুব্রত দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জোতবাজার এলাকার একটি ঘরে ওই নারীর সঙ্গে জিয়াবুর রহমানের উপস্থিতির বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মতামত