“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাবিল নওরোজ বৈশাখ।সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, টেকসই অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নতুন নতুন উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা আরও বৃদ্ধি করা সম্ভব।তাঁরা আরও বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির প্রসার ঘটাতে পারলে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য সরকারি-বেসরকারি সব পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জাতীয় উৎপাদনশীলতা দিবসের এ আয়োজনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
মতামত