নওগাঁর বদলগাছীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে ঘুষ গ্রহণ ও অর্থ দাবির অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল মোমিনের বিরুদ্ধে। তবে অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, সাজানো ও পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন অভিযুক্ত কর্মকর্তা। তার দাবি, মাদক কারবারিকে রক্ষা করতে না পেরে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ফাঁসানোর উদ্দেশ্যে এমন অভিযোগ তোলা হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট থানা ও পুলিশ ক্লিয়ারেন্স/ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) সংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় আটক সঞ্জয় সরকার (সঞ্জয় মণ্ডল)-এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা ও অভিযোগপত্রের তথ্য পাওয়া গেছে।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের জগপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় সঞ্জয় সরকার ও বিকাশ মণ্ডল নামে দুজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানের পর আটক সঞ্জয়ের স্ত্রী শ্রীমতি স্মৃতি অভিযোগ করেন, অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মো. আব্দুল মোমিন তার কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন এবং আরও ৪০ হাজার টাকা দাবি করেন। এমনকি তার প্রতিবন্ধী সন্তানের মাথায় হাত রেখে শপথ করিয়েও টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত অডিও ফোনালাপ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ছড়িয়ে পড়া অডিওতে কথোপকথনের অপর প্রান্তের ব্যক্তি এএসআই আব্দুল মোমিন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।অন্যদিকে ঘুষ গ্রহণ ও অর্থ দাবির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এএসআই মো. আব্দুল মোমিন। তিনি বলেন, “অভিযান বানচাল করতে না পেরে এবং মাদক ব্যবসায়ীকে রক্ষা করতে ব্যর্থ হয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এই সাজানো নাটক তৈরি করা হয়েছে। কোনো ধরনের আর্থিক লেনদেন বা ঘুষ দাবির ঘটনা ঘটেনি।”
তিনি আরও দাবি করেন, সঞ্জয় একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান পরিচালনার কারণে প্রতিশোধমূলকভাবে তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়ে থাকতে পারে বলেও দাবি করেন তিনি।
সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সঞ্জয় সরকার, পিতা মৃত বিমল সরকার, গ্রাম জগপাড়া, বদলগাছী, নওগাঁ—তার বিরুদ্ধে বদলগাছী থানায় ২০০৬, ২০০৯, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৯ ও ২০২২ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় একাধিক নিয়মিত মামলা ও অভিযোগপত্রের তথ্য রয়েছে। এসব নথিতে তার বিরুদ্ধে অতীতের একাধিক আইনগত কার্যক্রমের তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলমগীর হোসেন জানান, ঘুষ গ্রহণ বা অর্থ দাবির বিষয়ে তাদের দপ্তরে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানানো হয়নি। তবে অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল দুজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঘুষের অভিযোগ, অভিযুক্ত কর্মকর্তার অস্বীকৃতি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য—সব মিলিয়ে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত