নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার রেলগেট সংলগ্ন আত্রাই-রাণীনগর মহাসড়ক থেকে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামিম হোসেন রাণীনগর উপজেলার চকমনু গ্রামের মোকছেদের ছেলে। তিনি উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্য বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বলে সংশ্লিষ্ট সংগঠন সূত্রে জানা গেছে।
রাণীনগর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশ জানতে পারে উপজেলার রেলগেট এলাকায় ইয়াবা কেনাবেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শামিম হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল।
এ বিষয়ে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, শামিম হোসেন উপজেলা বিএনপির সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাদকের সঙ্গে কিংবা কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপিতে স্থান পাবে না বলেও জানান তিনি।
অন্যদিকে জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা শাখার সভাপতি এমরান হোসেন বলেন, শামিম হোসেন সংগঠনের নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার মাদক-সংশ্লিষ্টতার বিষয়টি আগে জানা ছিল না। মাদকের সঙ্গে জড়িত কারও ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মাদকবিরোধী অভিযানের সময় রেলগেট এলাকায় মাদক কেনাবেচার খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে শামিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার শামিম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাণীনগর উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতামত