লালমনিরহাটের পাটগ্রামে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়েছে একটি ট্রাক। এতে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কের ঘুন্টি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী উফারমারা গ্রামের ফাতুল মিয়া বয়স (৩৫) বছর। মোস্তাকিম বয়স (৩৮) বছর ও আনোয়ার হোসেন বয়স (২০) বছর। অপর নিহত নুর আমিন বয়স (৩০) বছর একই ইউনিয়নের ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকার বাদশা বয়স (৫৫) বছর ও জাফর উদ্দিন বয়স (৬০),বছর গুড়িয়াটারী উফারমারা গ্রামের দিপু মিয়া বয়স (৩০) বছর মিশন মিয়া বয়স (২০) বছর ও সাইফুল ইসলাম বয়স (৩২)বছর এবং ইসলামপুর ডাঙ্গাপাড়া গ্রামের আইনুল হক বয়স (৩৫) বছর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সকালে বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে আঘাত করে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার বিষয়ে সম্মতি দেওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ট্রাকটির চালকের বিষয়ে পুলিশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানা গেছে।
মতামত