চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় নিহত মো. সাজ্জাদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ দিন ধরে অবস্থান করছেন তার মা ফরিদা বেগম।
২০২৫ সালের ২৭ অক্টোবর দিবাগত রাতে বাকলিয়া এক্সেস রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাজ্জাদ। এ ঘটনায় পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। মামলায় কয়েকজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইউসুফ প্রকাশ হিরন ও রিয়াজ করিমের নাম রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ইউসুফ হিরনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়া এলাকার একটি নির্মাণসামগ্রীর অফিস থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা অস্ত্রটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
তবে নিহত সাজ্জাদের মা ফরিদা বেগমের অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার সঙ্গে যারা জড়িত, তাদের সবাই এখনো আইনের আওতায় আসেনি। তিনি প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছেন।
ফরিদা বেগম বলেন, “আমি আমার ছেলেকে আর ফিরে পাব না। কিন্তু যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের বিচার চাই। একজন মা হিসেবে এটাই আমার দাবি।”
তিনি আরও বলেন, ছেলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত তিনি তার অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে চান। দীর্ঘ ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
নিহত সাজ্জাদের পরিবারের দাবি, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা তদন্ত এবং নিরপেক্ষভাবে মামলার তদন্ত সম্পন্ন করা হোক। একই সঙ্গে তারা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের প্রত্যেকের দায় এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা এবং প্রত্যেকের ব্যক্তিগত দায় চূড়ান্তভাবে নির্ধারিত হবে।
মতামত