পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেফতার
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক বিক্রেতাসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ সেপ্টেম্বর ২০২৬ রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. দুখু মিয়া (৪৫), পিতা-মৃত তছির মন্ডল এবং মো. নাজমুল কাদের (২৭), পিতা-মো. শমসের আলীকে আটক করা হয়। তাঁরা উভয়েই পত্নীতলা উপজেলার ডুমরইল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শিবপুর বাজার থেকে মধুইলগামী পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেফতার দেখানো হয়।
অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধ ও পাবলিক নুইসেন্সের অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ছয়জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত