যানজট কমাতে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগ গোস্তহাটির মোড়ে শৃঙ্খলিত পার্কিং নিশ্চিত করতে এআই প্রযুক্তির ব্যবহার।
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ গোস্তহাটির মোড়সহ বিভিন্ন এলাকায় যানজট কমাতে সর্বাত্মক চেষ্টা করছে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপারের নির্দেশনায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এআই কানেকটেড ডিজিটাল সারভিলেন্স প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যেখানে-সেখানে যানবাহন পার্কিংয়ের প্রবণতা নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আজ সকালের গোস্তহাটির মোড় এলাকার চিত্রে যান চলাচল তুলনামূলকভাবে স্বাভাবিক ও সুশৃঙ্খল দেখা গেছে। তবে এই শৃঙ্খলা ধরে রাখতে শুধু পুলিশের প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা।জনদুর্ভোগ লাঘবে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি যেখানে-সেখানে যানবাহন পার্কিং না করার আহ্বান জানিয়েছে নওগাঁ জেলা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “চলুন, আমরা সবাই মিলে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখি। আপনিও পুলিশকে সহযোগিতা করুন। যেখানে-সেখানে পার্কিং করবেন না। জনদুর্ভোগ লাঘবে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।”
মতামত