পালংখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, পালিয়ে গেল দুই চোরাকারবারি
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান ফেলে পালিয়েছে দুই চোরাকারবারি।
পরে ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করছিল।
এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী রিজভীর ঘের নামক স্থান দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা দুটি পলিব্যাগ রিজভীর ঘেরের কাছে ফেলে দিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পলিব্যাগ দুটি উদ্ধার করেন।
পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটের মধ্যে থাকা ১০ কাটে আনুমানিক এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিস্তারিত তল্লাশি চালানো হলেও এ সময় আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মতামত