চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭
এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের চেসিস বক্সের ভেতর থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন সংলগ্ন সৈয়দ কুচাইয়ার মোড়ে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেল থামানো হয়। মোটরসাইকেলটির সামনের শেডে ইংরেজিতে “PRESS Daily Bangladesh Observer” লেখা স্টিকার লাগানো ছিল বলে জানিয়েছে র্যাব।
পরে মোটরসাইকেলটি তল্লাশি করে হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রংগীখালী এলাকার বাসিন্দা নুরুল আলম প্রকাশ মুজাহিদকে আটক করা হয়।
র্যাবের তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭
মতামত