পুলিশ সুপারের নির্দেশে মান্দায় মাদকবিরোধী অভিযান ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ সুকুমার প্রাং (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার একটি দল জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামের শ্রীমতী গায়িত্রী রানীর (৪৪) বসতবাড়ির পেছনে টিউবওয়েলের পাড়ে মাদকদ্রব্য বিক্রির জন্য রাখা হয়েছে।
সংবাদের ভিত্তিতে মান্দা থানার পুলিশ সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই স্থান থেকে সুকুমার প্রাংকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামের মৃত নিপেন্দ্রনাথ প্রাংয়ের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মতামত