কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জসিমের ঘের নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার হেলাল মিয়া টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল জসিমের ঘের এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মিয়ানমার সীমান্তের দিক থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন।
এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে হেলাল মিয়াকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে দুটি পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১৫টি কাট উদ্ধার করা হয়।
এসব কাটের ভেতর থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
দীর্ঘ সময় অভিযান চালিয়েও ঘটনাস্থল থেকে অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হেলাল মিয়া মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের অভ্যন্তরে নিয়ে এসে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মতামত