রাণীনগর-আত্রাই-নাটোর মহাসড়কে পুলিশ সুপারের বিশেষ রাত্রিকালীন টহল।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম রাণীনগর-আত্রাই হয়ে নাটোর আঞ্চলিক মহাসড়কে বিশেষ রাত্রিকালীন নিরাপত্তা টহল পরিচালনা করেছেন।
রাতের এ বিশেষ টহলকালে পুলিশ সুপার মহোদয় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তিনি চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি মহাসড়কে চলাচলরত বিভিন্ন মোটরযানের চালকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। তিনি চালকদের নিরাপদ ও সতর্কভাবে যানবাহন চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং রাতের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের বিষয়ে পরামর্শ দেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ রাত্রিকালীন টহলের মাধ্যমে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত