হরিপুরে গর্তের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু
মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের ডিপপাড়া হঠাৎপাড়া এলাকায় গর্তের পানিতে ডুবে মো. রফিকুল কসাইয়ের ১৮ মাস বয়সী শিশুসন্তান মো. ইয়ামিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে দুটি গর্ত ছিল। বাড়ির জায়গা উঁচু করার জন্য ওই গর্ত থেকে মাটি তোলা হয়েছিল। ঘটনার সময় শিশু ইয়ামিন বাড়ির পাশে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে অসাবধানতাবশত সে গর্তের পানিতে পড়ে যায়।
পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়দের সহায়তায় গর্তের পানি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু মো. ইয়ামিন হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের ডিপপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল কসাইয়ের সন্তান।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
মতামত