নাজিরপুরে থানা পুলিশের তৎপরতা জোরদার, বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬
নাজিরপুর প্রতিনিধি:- পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সালিহিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন রিভারভিউ রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, রোববার ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে গোলক বৈদ্ধ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি অতুল নগর গ্রামের নগেন বৈদ্ধর ছেলে। পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে। এ সময় নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশের একই রাতের অভিযানে উপজেলার গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—গাওখালী গ্রামের রবিন্দ্রনাথ হালদারের ছেলে তপন হালদার, রাজেন্দ্রনাথ হালদারের ছেলে রবিন্দ্রনাথ হালদার এবং নারায়ন চন্দ্র হালদারের দুই ছেলে রিপন হালদার ও অনুপ হালদার।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি সাগর বাইন ও পরোয়ানাভুক্ত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মতামত