বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের যৌথ তথ্যভাণ্ডার অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে ১২ লাখ ১৭১ জন রোহিঙ্গা সরকারিভাবে ডাটাভুক্ত ও নিবন্ধনের আওতায় রয়েছে।
এর মধ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে ১১ লাখ ৬৬ হাজার ৩৫২ জন। অন্যদিকে, নোয়াখালীর ভাসানচরে রয়েছে ৩৩ হাজার ৮১৯ জন রোহিঙ্গা। সব মিলিয়ে ডাটাভুক্ত রোহিঙ্গা পরিবারের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৮২৩টি।
এদিকে, নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১ লাখ ৫৩ হাজার ৬৪০ জন রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে শনাক্ত করা হয়েছে।
এসব রোহিঙ্গা ৪০ হাজার ৩২৬টি পরিবারের সদস্য। তবে বায়োমেট্রিকভাবে শনাক্ত হওয়া এই সংখ্যা এবং পূর্ণাঙ্গভাবে নিবন্ধিত রোহিঙ্গাদের সংখ্যা এক নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন আগতদের সবাই এখনো পূর্ণাঙ্গ ব্যক্তিগত শরণার্থী নিবন্ধনের আওতায় এসেছে কি না, তা নিয়ে পৃথক প্রক্রিয়া চলমান রয়েছে।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে বাংলাদেশ বরাবরই মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিয়ে আসছে।
কিন্তু একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবে শুরু করা সম্ভব হয়নি।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রথম দফায় প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল ১৫ নভেম্বর ২০১৮। কিন্তু নিরাপত্তা, নাগরিক অধিকার ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার পরিবেশ নিয়ে উদ্বেগের কারণে কোনো রোহিঙ্গাই ওই দফায় মিয়ানমারে ফিরে যায়নি।
এরপর দ্বিতীয় দফায় ২২ আগস্ট ২০১৯ সালে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। সেবারও রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়ায় প্রত্যাবাসন কার্যক্রম ভেস্তে যায়।
এরপর কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে আলোচনা, রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই এবং প্রত্যাবাসনের পরিবেশ তৈরির বিষয়ে নানা উদ্যোগ নেওয়া হলেও ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের আনুষ্ঠানিক গণপ্রত্যাবাসন শুরু হয়নি।
বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি প্রত্যাবাসনের অন্যতম বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।
রোহিঙ্গারা নিরাপত্তা, নাগরিকত্ব, স্বাধীন চলাচল, বসতভিটা ফেরত এবং মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।
দীর্ঘ প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ অঞ্চলে জনসংখ্যার চাপ বেড়েছে।
পাশাপাশি স্থানীয় পরিবেশ, বনাঞ্চল, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান এবং সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতির ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান কেবল ত্রাণনির্ভর ব্যবস্থায় সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের মাধ্যমে মিয়ানমারে অনুকূল ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
এক নজরে রোহিঙ্গা পরিস্থিতি
মোট ডাটাভুক্ত/নিবন্ধিত রোহিঙ্গা: ১২,০০,১৭১ জন
কক্সবাজারের ক্যাম্পে: ১১,৬৬,৩৫২ জন
ভাসানচরে: ৩৩,৮১৯ জন
মোট ডাটাভুক্ত পরিবার: ২,৪৯,৮২৩টি
নতুন বায়োমেট্রিকভাবে শনাক্ত: ১,৫৩,৬৪০ জন
নতুন শনাক্ত পরিবার: ৪০,৩২৬টি
প্রথম প্রত্যাবাসনের নির্ধারিত তারিখ: ১৫ নভেম্বর ২০১৮
দ্বিতীয় দফার নির্ধারিত তারিখ: ২২ আগস্ট ২০১৯
বাস্তবতা: এখনো আনুষ্ঠানিক গণপ্রত্যাবাসন শুরু হয়নি
মতামত