হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে অস্ত্র-ওয়াকিটকি ফেলে ফিরল ৩ বিএসএফ সদস্য
মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গরু চরানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে তারা ভারতে ফিরে যান। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে বিজিবি।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়।
বিজিবি সূত্র জানায়, দুপুর ২টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৯০৭/২-এস সংলগ্ন কাঁটাতারবিহীন শূন্য লাইনে গরু চরানো নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের তিন সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা বিজিবির অনুমতি বা অবগত করা ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন।বিষয়টি স্থানীয়রা বিজিবিকে জানালে সীমান্ত এলাকায় লোকজন জড়ো হতে শুরু করেন। এতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে বিএসএফের তিন সদস্য দ্রুত সেখান থেকে সরে গিয়ে ভারতের দিকে চলে যান। যাওয়ার সময় তারা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি সেট ফেলে যান।
পরে বিজিবির টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি শর্টগান ও ওয়াকিটকি সেট উদ্ধার করে।
ঘটনার পর বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক সীমান্তে বিএসএফ সদস্যদের প্রবেশের কারণ জানতে চান এবং ঘটনার বিষয়ে ব্যাখ্যা চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানান।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার ৯০৭/৪-এসের কাছে দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের ভূখণ্ডে অনুমতি ছাড়া প্রবেশ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএসএফ সদস্যদের বাকবিতণ্ডার বিষয়টি বিজিবির পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
জবাবে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে বিজিবিকে আশ্বস্ত করার পাশাপাশি ঘটনায় জড়িত সদস্যদের বিরুদ্ধে বাহিনীর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
পরে উদ্ধার করা দুটি শর্টগান ও ওয়াকিটকি সেট নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মতামত