লালমনিরহাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার আসামি টেলিভিশনের সাংবাদিক, তদন্ত ছাড়াই মামলা নথিভুক্তের অভিযোগ।
মোঃ আনিছুল ইসলাম রাজিব, জেলা প্রতিনিধি, লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিউজ২৪-এর জেলা প্রতিনিধি রবিউল হাসান মামলার আসামি হয়েছেন। তাকে মামলার এক নম্বর আসামি করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
মামলাটি দায়ের করেছেন বড়খাতা নেসকো বিভাগের প্রকৌশলী রেজওয়ান হোসেন। অভিযোগ উঠেছে, সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও মামলা নথিভুক্তের আগে ঘটনাটি নিয়ে কোনো প্রাথমিক তদন্ত করা হয়নি।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ মে রাতে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া জোড়াপুকুর এলাকায় টানা কয়েক দিন বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রবিউল হাসান।রবিউলের দাবি, ঘটনাস্থলে গিয়ে তিনি বিক্ষোভের ভিডিও ধারণ করেন এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও গাড়িচালকের বক্তব্য নেন। তার ভাষ্য অনুযায়ী, পুরো সময় তিনি সাংবাদিকতার পেশাগত দায়িত্বের মধ্যেই ছিলেন।এর প্রায় তিন সপ্তাহ পর, ১৩ জুন প্রকৌশলী রেজওয়ান হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলাটি করেন। এতে রবিউল হাসানসহ কয়েকজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বিদ্যুৎ বিভাগের গাড়ি আটকে রাখা, কর্মীদের সঙ্গে অসদাচরণ ও মারধর, টাকা ছিনিয়ে নেওয়া, গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিক রবিউল হাসান। তিনি বলেন, বিদ্যুৎ না থাকার কারণে স্থানীয়দের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করাই ছিল তার উদ্দেশ্য। ঘটনাস্থলে তিনি ভিডিও ধারণের পাশাপাশি সংশ্লিষ্টদের বক্তব্যও নিয়েছেন। তার দাবি, পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে মামলায় জড়ানো হয়েছে।
অন্যদিকে মামলার বাদী প্রকৌশলী রেজওয়ান হোসেন সাংবাদিক রবিউলের অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাটিতে রবিউলের ভূমিকা ছিল এবং তিনি পরিস্থিতি উসকে দিয়েছেন। তার দাবি, বিষয়টি শুধু সংবাদ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ কারণে তারা আইনি প্রতিকার চেয়েছেন।মামলা নথিভুক্তের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকেরা। তাদের অভিযোগ, একজন সাংবাদিকের বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ আনার পরও সেগুলোর প্রাথমিক সত্যতা যাচাই না করেই মামলা রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে তখন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা এবং বর্তমানে জেলা গোয়েন্দা শাখায় কর্মরত রমজান আলীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, মামলার এজাহারে তাকে সংবাদকর্মী হিসেবে উল্লেখ করা হয়নি। তিনি ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কি না, তদন্তেই তা বেরিয়ে আসবে।পুলিশের এই বক্তব্যের পরই মূলত তদন্তের আগে মামলা নথিভুক্ত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা। তাদের প্রশ্ন, কোনো ব্যক্তির সম্পৃক্ততা তদন্তে নির্ধারণ হওয়ার কথা থাকলে, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের ভূমিকা কী ছিল?
সাংবাদিকদের মতে, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের সময় কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। তবে পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সংবাদকর্মীকে মামলার প্রধান আসামি করা হলে বিষয়টি স্বাধীন সাংবাদিকতার পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে।এ ঘটনায় সাংবাদিক রবিউল হাসান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। স্থানীয় সাংবাদিকরাও অভিযোগের সত্যতা যাচাই করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং নির্দোষ হলে সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনাটিতে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে মামলার অভিযোগের বাস্তব সম্পর্ক কতটুকু, তা নিরপেক্ষ তদন্তেই স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত