বাদিয়াখালীতে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত ৪, হাসপাতালে ভর্তি, স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার
মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালীর রিফাইতপুর এলাকায় এ এম ই ইটভাটার সামনে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৪ নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ আগষ্ট বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে নুরুলগঞ্জ হাটের গ্রামীণ ব্যাংক থেকে শিশুসহ ৪ নারী একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে বাদিয়াখালী এ এম ই ইটভাটা সংলগ্ন দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনায় ভ্যানের নিচে চাপা পড়ে এক নারীর বাম হাতের কব্জি ভেঙে যায়। অপর এক নারী শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। বাকি দুইজনও আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু রয়েছে বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের রোকেয়া মেডিকেল স্টোরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে স্থানীয়রা খাদ থেকে ভ্যানটিও উদ্ধার করেন। মানবিক বিবেচনায় চালককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। ব্যাটারিচালিত ভ্যানের অতিরিক্ত যাত্রী ও বেপরোয়া গতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
মতামত