মদনে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার, ১৮ আগস্ট সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফি ওই গ্রামের রব্বানী মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল মাফি। খেলতে খেলতে কখন সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তা কেউ টের পায়নি। দীর্ঘ সময় ধরে তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
পরে দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের চাচা ভুট্টো মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে খেলা করছিল। কখন পুকুরে পড়ে গেল বুঝতেই পারিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দীন করিম বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত