টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ দুইজন আটক, নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা মজুদের অভিযোগে মোহাম্মদ আলী ও মোহাম্মদ আমিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে টেকনাফ মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের খবর পায় পুলিশ।
পরবর্তীতে স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ১৮ আগস্ট রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল তাকে আটক করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত খাটের নিচে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
একই বাড়ির অন্য পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে মোহাম্মদ আমিনকে আটক করা হয়। তার ব্যবহৃত খাটের নিচ থেকে আরও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিয়ে উভয়ের কাছ থেকে সর্বমোট ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকামূলে জব্দ করা হয়।
আটক দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত