জীম্বংখালী সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল দুই সন্দেহভাজন
সোলতান আহমদ কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শাকেরের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টা ১০ মিনিটের দিকে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসা দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে দেখতে পায় বিজিবি সদস্যরা।
টহল দল তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা হাতে থাকা একটি পোটলা ফেলে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত