টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, পালাল দুর্বৃত্তরা
সোলতান আহমদ কক্সবাজার টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ফাঁকা কার্তুজ (এমটি কার্টিজ) ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানার মহেশখালিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি সন্দেহভাজন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, ৩৭ রাউন্ড এমটি কার্টিজ (ফাঁকা কার্তুজ) এবং ২৫ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও জোরদারভাবে পরিচালনা করবে বাংলাদেশ কোস্ট গার্ড।
মতামত