মিনাবাজারে ৩০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, বিজিবির অভিযান
কক্সবাজারের টেকনাফ উপজেলার মিনাবাজার এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোঃ শামসুল আলম (২০) নামে এক যুবককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। তিনি মিনাবাজার গ্রামের বাসিন্দা মোঃ হেলালের ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জীম্বংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৬ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ‘হেলালের ঘের’ এলাকায় অবস্থান নেয়।
পরে আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে মিয়ানমারের দিক থেকে একজন বাংলাদেশি নাগরিককে মিনাবাজারের দিকে আসতে দেখে বিজিবির সদস্যদের সন্দেহ হয়। তাকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির পরিচয় মোঃ শামসুল আলম (২০), পিতা- মোঃ হেলাল, গ্রাম- মিনাবাজার, ডাকঘর- নয়াবাজার, উপজেলা- টেকনাফ, জেলা- কক্সবাজার বলে জানা যায়।
পরবর্তীতে তার হাতে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের মোড়কে রাখা তিনটি নীল কার্টনে মোট ৩০ হাজার (৩০,০০০) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শামসুল আলম স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। তবে তার কাছ থেকে অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, "বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
মতামত