টেকনাফে বিজিবির অভিযানে সিএনজিসহ ৩৫ লিটার চোলাই মদ উদ্ধার
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:- কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিসহ ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। তবে অভিযান টের পেয়ে চালক সিএনজি ফেলে পালিয়ে যায়।
বিজিবি জানায়, ২৭ জুন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে একটি সিএনজিযোগে মাদকের চালান টেকনাফে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ কচ্ছপিয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে বিজিবির ধাওয়ায় মিঠাপানিরছড়া এলাকায় রাস্তার পাশে সিএনজিটি ফেলে চালক পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত সিএনজির আনুমানিক মূল্য ৪ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, যানবাহন তল্লাশি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত চোলাই মদ বিধি মোতাবেক ধ্বংস করা হবে এবং জব্দকৃত সিএনজির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
মতামত