নবাবগঞ্জে আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার
মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি :- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের অরুণ সরকারের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে মৃত্যুর রহস্য নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
মতামত