রেলওয়ের বদলি আদেশ ঝুলে আছে এক মাস—নির্দেশ অমান্যের অভিযোগে তীব্র সমালোচনা
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:কিশোরগঞ্জে বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর বদলির সরকারি আদেশ কার্যকর না হওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। দপ্তর থেকে স্পষ্ট নির্দেশ জারি হওয়ার পরও প্রায় এক মাস ধরে তিনি আগের কর্মস্থলেই অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। এতে প্রশাসনিক নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে এবং রেলওয়ের ভেতরে চাপা ক্ষোভ তৈরি হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ভৈরব বাজারঘাটে সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে গত মার্চে জারি করা এক দপ্তরাদেশে কিশোরগঞ্জ এসএসএই/ওয়ে অফিসে কর্মরত সোহেল রানাকে সমবেতন ও সমস্কেলে নরসিংদীতে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। আদেশে তাৎক্ষণিক কার্যকর করার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল।
কিন্তু অভিযোগ উঠেছে, নির্দেশ জারির দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনও কিশোরগঞ্জ পিডব্লিউআই অফিসেই দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বদলির আদেশ জারি হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে তা স্পষ্ট শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখানে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়ভাবে আরও অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মচারী শ্রমিক লীগের কিশোরগঞ্জ রেলওয়ে শাখার সাংগঠনিক সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে বদলি ঠেকিয়ে রেখেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবুও বিষয়টি নিয়ে রেলওয়ের ভেতরে ব্যাপক আলোচনা চলছে।
রেল সংশ্লিষ্টদের মতে, একটি সরকারি আদেশ বাস্তবায়নে এত দীর্ঘ সময়ক্ষেপণ পুরো ব্যবস্থাপনার জন্য নেতিবাচক বার্তা বহন করে। এতে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এবং ভবিষ্যতে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হয়ে পড়তে পারে।
এ পরিস্থিতিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। সংশ্লিষ্ট মহলের মতে, বদলির আদেশ দ্রুত বাস্তবায়ন না হলে প্রশাসনিক দুর্বলতা আরও প্রকট হয়ে উঠবে।

মতামত