জাতীয় পাট দিবসে রাষ্ট্রপতির আহ্বান: পাটচাষ ও উদ্ভাবনে এগিয়ে আসতে হবে
ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর দেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। এ খাতকে আরও এগিয়ে নিতে কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পাট চাষে উৎসাহিত হতে হবে। তিনি পাটচাষীদের উদ্দেশে বলেন, উন্নত প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন বাড়বে এবং পাটের বাজার আরও সম্প্রসারিত হবে।
উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী পাট থেকে আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী বিভিন্ন পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অল্পমূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনের উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৃজনশীল তরুণরা স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিংকে বিশ্ববাজারে তুলে ধরতে পারে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে পাটজাত পণ্যের নতুন বাজার সৃষ্টি করারও সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে পাট খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত