কুমিল্লার বিবির বাজারে সেমাই কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
রমজান মাস সামনে রেখে বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন প্রতিরোধে অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিবির বাজার এলাকায় একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে কাশফুল ফুড প্রডাক্ট নামের ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া উৎপাদনে ক্ষতিকর শিল্প রং ব্যবহার, সফট ড্রিংক পাউডারে অতিরিক্ত এসপারটাম মেশানো এবং বৈধ সনদ ছাড়াই ‘হালাল’ লোগো ব্যবহার করা হচ্ছিল বলে অভিযানে নিশ্চিত হওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, ক্যাব কুমিল্লার প্রতিনিধি কাজী মাসুদ আলম। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর একটি দল সহায়তা করে।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত