রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রদল নেতা
রাজবাড়ী, প্রতিনিধি:
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি বেঁধে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মো. আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তিনি একটি অস্ত্র মামলায় প্রায় আড়াই মাস ধরে রাজবাড়ী জেলা কারাগারে আটক রয়েছেন।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবার জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পুলিশি পাহারায় রাত সাতটার দিকে তাকে নিমতলার নিজ বাড়িতে নেওয়া হয়। জানাজার নামাজের সময় তার হাতকড়া খুলে কোমরে রশি বেঁধে রাখা হয়। জানাজা শেষে রাতেই তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।
জানাজায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান। তিনি বলেন, “আলাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। সরকার দ্রুত তার বিষয়ে সুষ্ঠু সমাধান করবে বলে আশা করছি।”
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, জানাজা শেষে রাতেই আলাউদ্দিনকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কোমরে রশি বেঁধে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কারা কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, দেড় ঘণ্টার প্যারোল মঞ্জুর হওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ তাকে নিয়ে যায় এবং রাত আটটার দিকে আবার কারাগারে ফিরিয়ে দেয়।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও একটি রামদা উদ্ধারের পর যৌথ বাহিনী আলাউদ্দিন পাটোয়ারীকে আটক করে। পরবর্তীতে রাজবাড়ী সদর থানায় দায়ের করা অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
মতামত