শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে ৬৪ বিজিবির হাতে চালক আটক, উদ্ধার ৬,০০০ পিস ইয়াবা
টেকনাফ প্রতিনিধি সোলতান আহমদ।
শীলখালী অস্থায়ী চেকপোস্টে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারকালে ৬,০০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
গ্রেফতারকৃত আসামি মোঃ তৈয়ব (৩১), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-ঝিরঝিরপাড়া, কলাতলী, থানা-কক্সবাজার সদর থানা, জেলা-কক্সবাজার।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এসময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়িটির সামনের বাম পাশের দরজার নিচের অংশে অভিনব কায়দায় লুকানো ৩টি কালো স্কচটেপে মোড়ানো মোট ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক মোঃ তৈয়বকে আটক করা হয়। পাশাপাশি মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি স্বীকার করেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট তিনি টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানা-য় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদকবিরোধী অভিযানে টেকনাফ ও উখিয়াবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা ফিরিয়ে দিতে ব্যাটালিয়নটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মতামত