কিশোরগঞ্জের বিভিন্ন পুলিশ ইউনিট পরিদর্শনে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন
কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক তদারকি এবং পুলিশি সেবার মানোন্নয়নের লক্ষ্যে গতকাল ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে জেলার সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) কার্যালয়, ভৈরব থানাধীন ভৈরব শহর পুলিশ ফাঁড়ি ও বাজিতপুর থানাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি ফাঁড়ি ও ক্যাম্প এলাকার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, চলমান মামলার অগ্রগতি, নিয়মিত টহল কার্যক্রম এবং সাধারণ জনগণকে প্রদত্ত পুলিশি সেবার মান সম্পর্কে বিস্তারিত তথ্য অবহিত হন।
পুলিশ সুপার মহোদয় জননিরাপত্তা জোরদারে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল করা, মাদকবিরোধী অভিযান জোরদার, অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন।
তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশ দেন। পুলিশ সুপার মহোদয় বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই পুলিশ বাহিনীর মূল শক্তি; তাই প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে সেবা প্রদান করতে হবে।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট থানা, ফাঁড়ি ও ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, কর্মপরিবেশ, লজিস্টিক সুবিধা ও অন্যান্য অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং এসব বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সকলকে আরও উদ্দীপনা ও মনোবল নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এই পরিদর্শনের ফলে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোর কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে এবং কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও স্থিতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল ও স্থানীয় জনগণ প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মতামত