লালমাই (কুমিল্লা) প্রতিনিধি: মাত্র দুই মাসের প্রশিক্ষণ নিয়েই প্রথমবারের মতো মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার লালমাই উপজেলার তরুণ খেলোয়াড় ইমরান গালিব। ৫৮ কেজি ওজনশ্রেণিতে অভিজ্ঞ প্রতিপক্ষকে পরাজিত করে গোল্ড মেডেল ও সনদপত্র অর্জন করেছেন তিনি। প্রথম প্রতিযোগিতাতেই এমন সাফল্য অর্জনের পর এবার তাঁর স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এমএমএ সংস্থা ইউএফসি (UFC)-তে লড়াই করা।
গত ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা স্মৃতি ফাইট নাইট-২০২৬ ও জাতীয় মার্শাল আর্ট পাওয়ার শো’ প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করেন ইমরান।
ইমরান গালিব কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বারাইপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আমজাদ হোসেন। বর্তমানে তিনি ঢাকার হাবিবস এমএমএ একাডেমিতে (Habib’s MMA Academy) প্রশিক্ষণ নিচ্ছেন। মাত্র দুই মাসের প্রশিক্ষণ শেষে এটিই ছিল তাঁর জীবনের প্রথম প্রতিযোগিতামূলক ফাইট।
প্রতিযোগিতার ৫৮ কেজি ওজনশ্রেণিতে ফাইনালে ডায়নামিক এমএমএ একাডেমির (Dynamic MMA Academy) একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মুখোমুখি হন ইমরান। তিন রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিচারকদের সিদ্ধান্তে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হন তিনি। বিজয়ী হিসেবে অর্জন করেন গোল্ড মেডেল ও সনদপত্র।
অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং অনুষ্ঠানের সভাপতি ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ইমরান।
নিজের অনুভূতি প্রকাশ করে ইমরান জানান, জীবনের প্রথম ফাইটেই চ্যাম্পিয়ন হতে পেরে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এমএমএ খেলাকে তিনি নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। কঠোর পরিশ্রম ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। তাঁর দীর্ঘদিনের স্বপ্ন বিশ্বের অন্যতম বড় এমএমএ মঞ্চ ইউএফসিতে (UFC) খেলার সুযোগ পাওয়া।
ইমরান আরও জানান, এর আগে ভারতে অনুষ্ঠিতব্য এশিয়া ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সংকটের কারণে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। বর্তমানে দেশের আন্তর্জাতিক পর্যায়ের এমএমএ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন এবং নিজের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল এবং স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ইশফাক হোসেন।
অনুষ্ঠানের আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজ হাসান। সদস্যসচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সহসভাপতি মো. মনিরুল ইসলাম। এ ছাড়া কনফেডারেশনের অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লালমাইয়ের প্রত্যন্ত গ্রামের তরুণ ইমরান গালিবের এই অর্জন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। যথাযথ প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক এমএমএ অঙ্গনে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে পারবেন বলে আশাবাদী তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
মতামত