সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীল উপস্থাপন নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জেন্ডার সমতা ও গণমাধ্যমে নারীর উপস্থাপনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ‘লেখনীতে সমতা’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তবিভাগীয় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন।
সেমিনারে প্রথম গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের প্রভাষক তন্দ্রা মন্ডল। তাঁর গবেষণার বিষয় ছিল ‘বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে বাধ্যতামূলক পরিবেশে জেন্ডারবিষয়ক ভিত্তিমূল কোর্সের গ্রহণযোগ্যতার মডেল নির্মাণ: পূর্ববর্তী শিক্ষাগত অভিজ্ঞতা ও লিঙ্গের প্রভাব’। দ্বিতীয় গবেষণাপত্র উপস্থাপন করেন একই বিভাগের প্রভাষক মোছা. ফাতেমা-তুজ-জোহরা। তাঁর গবেষণার বিষয় ছিল ‘ধর্ষণের ভিকটিমের জেন্ডারভিত্তিক উপস্থাপন: বাংলাদেশের সংবাদমাধ্যমের একটি গুণগত কেস স্টাডি’।
গবেষণাপত্র দুটিতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে জেন্ডার শিক্ষা অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা, জেন্ডার সমতা এবং বাংলাদেশের সংবাদমাধ্যমে ধর্ষণের শিকার ব্যক্তিদের উপস্থাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম আরিফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে এবং ‘লেখনীতে সমতা’ জার্নালের সহযোগী সম্পাদক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নিফাত সুলতানা।
সেমিনারে বক্তারা বলেন, জেন্ডার সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষা, গণমাধ্যম ও গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে জেন্ডারবিষয়ক শিক্ষা অন্তর্ভুক্তির পাশাপাশি সংবাদমাধ্যমে নারী ও পুরুষের যথাযথ এবং সংবেদনশীল উপস্থাপন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমাজে জেন্ডারবিষয়ক সচেতনতা বাড়াতে লেখনী ও গবেষণার পরিসর আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
গবেষণাপত্র উপস্থাপন শেষে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্বে অংশ নেন অতিথি ও দর্শনার্থীরা। এ সময় গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং মতামত তুলে ধরেন আলোচকেরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিএমএস বিভাগের কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হোসেন। সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বিভাগের প্রভাষক মুহম্মদ রাকিব হোসেন।
সেমিনার আয়োজনে সহযোগিতা করেছে কিংডম অব দ্য নেদারল্যান্ডস, জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল।
মতামত