জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম্য সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে সংঘবদ্ধভাবে এক কৃষকের জমি জবরদখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ভাড়াটে লোকজন নিয়ে জমিতে ছাপরা ঘর নির্মাণ ও বাঁশের খুঁটি পুঁতে সীমানাপ্রাচীর দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
রোববার (২৯ নভেম্বর) সকালে সরিষাবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বলারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. শহীদের পৈতৃক ও দীর্ঘদিনের দখলীয় জমিতে প্রতিপক্ষ জুলহাস উদ্দিন ও তাঁর লোকজন এ কাজ করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পৈতৃক জমির মালিকানা ও দখল নিয়ে শহীদ ও জুলহাসের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয়ভাবে কয়েক দফা গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ১৪ নভেম্বর উভয় পক্ষ সালিশের সিদ্ধান্ত মেনে নেয়। তবে ওই সিদ্ধান্ত উপেক্ষা করে রোববার সকালে জুলহাস উদ্দিন তাঁর লোকজন নিয়ে শহীদের দখলীয় জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাঁশের খুঁটি পুঁতে সীমানা নির্ধারণের পাশাপাশি একটি ছাপরা ঘর নির্মাণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগী শহীদের পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হয়। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত