নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে মানবপাচারের অভিযোগে মতিলাল (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার নিতপুর সীমান্তের দিয়ারাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মতিলাল ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের বাসিন্দা। তিনি নাইকি মুর্মুর ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তের মেইন পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মতিলালকে আটক করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে এ দেশে প্রবেশ করেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত দালাল চক্রের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহের উদ্দেশ্যেও তিনি এসেছিলেন বলে জানান।
বিজিবি সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত