‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি খামারিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনাও কাজে লাগাতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার, সংশ্লিষ্ট দপ্তর ও খামারিদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
মতামত