বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাকেরগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান বলেন, পড়াশোনা শেষ করে শুধু চাকরির আশায় বসে থেকে বেকার না থেকে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থানের দিকে এগিয়ে আসতে হবে। ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে ছোট ছোট খামার গড়ে তুলে ব্যবসা শুরু করার জন্য তিনি তরুণদের প্রতি আহ্বান জানান। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও তরুণদের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে খামার গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়
মতামত