পটুয়াখালীর দুমকিতে বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন—দুমকি উপজেলার কার্তিক পাশা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাওন হাওলাদার (২৩) ও আঠারগাছিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন জমাদ্দার (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডের পাহলান বাড়ির ব্রিজ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় তল্লাশিতে শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৪ পিসসহ মোট ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক মাদকদ্রব্য জব্দ করে তাঁদের আটক করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
মতামত