রোহিঙ্গা ক্যাম্পের চারদিকের নিরাপত্তা বেষ্টনী এবং সড়কে যৌথ বাহিনীর একাধিক চেকপোস্ট ফাঁকি দিয়ে উখিয়া সদরসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। স্থানীয়দের অভিযোগ, চেকপোস্টগুলোতে স্থানীয় নাগরিকদের যেভাবে তল্লাশি করা হয়, রোহিঙ্গাদের ক্ষেত্রে তেমন কড়াকড়ি দেখা যায় না। এই সুযোগে তারা নির্বিঘ্নে ক্যাম্প ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান নিচ্ছে।
ভাড়া বাসায় বসবাস ও রেশন সংগ্রহের কৌশল ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস শুরু করেছে। প্রতি মাসের শেষে তারা আবার নিরাপদে উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে ফিরে আসে এবং নির্ধারিত রেশন সংগ্রহ করে পুনরায় ভাড়া বাসায় চলে যায়। স্থানীয় কিছু টমটম, বাস ও সিএনজি চালক অতিরিক্ত ভাড়ার লোভে তাদের কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।
অপরাধ প্রবণতা বৃদ্ধি উখিয়া ও টেকনাফের প্রায় প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততার অভিযোগ উঠছে। মানব পাচার, মাদক পরিবহন এবং পতিতাবৃত্তিসহ নানা ধরনের অসামাজিক ও বেআইনি কাজে তারা জড়িয়ে পড়ছে। যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় শ্রমবাজার দখল ও বেকারত্ব বর্তমানে দেশের শ্রমবাজারের একটি বড় অংশ—বিশেষ করে নির্মাণকাজ, হোটেল শ্রমিক এবং ধান কাটার মতো মৌসুমি কাজগুলো রোহিঙ্গাদের দখলে চলে যাচ্ছে। কম মজুরিতে তারা কাজ করায় স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। ফলে জীবিকার তাগিদে এবং হতাশা থেকে স্থানীয় যুবকদের একটি অংশও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ধাবিত হচ্ছে।
মতামত