কোপা সুদামেরিকানা জয়ের কিছুক্ষণের মধ্যেই সরাসরি টেলিভিশন সাক্ষাৎকারের সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। রবিবার (২২ নভেম্বর) কলম্বিয়ার বারানকিয়া শহরে অনুষ্ঠিত ফাইনালে বোকা জুনিয়র্সকে নেতৃত্ব দিয়ে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলের জয় পায় তারা।
গোল ডট কম-এর প্রতিবেদন অনুযায়ী, স্টেডিয়ামের টানেলে ডি-স্পোর্টস-এর এক সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় হঠাৎই তিনি অচেতন হয়ে পড়ে যান। এই ঘটনায় ওই সাংবাদিক দৃশ্যত আতঙ্কিত হয়ে পড়েন। টেলিভিশন ক্যামেরায় সাক্ষাৎকার দেখানো বন্ধ করে দেওয়া হলেও, দ্রুত চিকিৎসক পারেদেসের সহায়তায় এগিয়ে আসেন। পরবর্তী ফুটেজে দেখা যায়, মাঠের মধ্যেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এরপর তিনি উঠে বসেন। ম্যাচের সময় পারেদেস অসুস্থ বোধ করছিলেন।
সান্তিয়াগো আসকাসিবার ও মিগুয়েল মেরেন্তিয়েলের গোলে এস্তাদিও মেত্রোপলিতানোতে জয় নিশ্চিত করে বোকা জুনিয়র্স। তবে দলের অধিনায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণে ৫৭তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনা জানান, প্রথমার্ধের শেষ দিকেই এই মিডফিল্ডার অসুস্থ বোধ করার কথা জানিয়েছিলেন।
আরুয়াবারেনা বলেন, প্রথমার্ধের শেষ দিকে তার মাথা ঘুরছিল। বিরতির সময় কিছুটা ভালো বোধ করলেও, দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মধ্যেই বোঝা যাচ্ছিল যে তিনি বেশ কষ্ট পাচ্ছেন। কোচ আরও জানান, পারেদেস নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে ম্যাচ শেষে তিনি জানতে পারেন, পারেদেস আবারও অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে পারেদেস সুস্থ হয়ে ওঠেন; তিনি উঠে দাঁড়ান এবং সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। এরপর দলের উদযাপনে যোগ দিয়ে ট্রফিও উঁচিয়ে ধরেন। ইনস্টাগ্রামে মেডিকেল রুম থেকে একটি বার্তা দিয়ে তিনি সমর্থকদের আশ্বস্ত করেন, আমরা ভালো আছি। এগিয়ে চলো বোকা, আজ এবং সবসময়।
এই ঘটনার পেছনে অতিরিক্ত গরম ও আর্দ্রতা কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট চিকিৎসাগত ব্যাখ্যা দেওয়া হয়নি। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বারানকিয়াতে বর্তমানে গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছে। সেখানে তাপমাত্রা ২৮-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও, অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো এবং আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
বোকা জুনিয়র্সদের এই জয়টি ২০০৭ সালের পর বোকার প্রথম আন্তর্জাতিক ক্লাব শিরোপা। ২০০৭ সালে তারা দক্ষিণ আমেরিকার প্রধান ক্লাব প্রতিযোগিতা ‘কোপা লিবার্তাদোরেস’ জিতেছিল। ‘কোপা সুদামেরিকানা’ হলো মহাদেশীয় পর্যায়ের দ্বিতীয় প্রধান ক্লাব প্রতিযোগিতা, যা ইউরোপের ‘ইউরোপা লিগ’-এর সমতুল্য। এটি বোকার ১৯তম আন্তর্জাতিক ট্রফি। এর মাধ্যমে তারা তাদের ঘরোয়া প্রতিদ্বন্দ্বী ইন্দিপেনদিয়েন্তেকে (১৮টি ট্রফি) ছাড়িয়ে আর্জেন্টিনার সবচেয়ে সফল আন্তর্জাতিক ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল।
বিডি প্রতিদিন/আরকে
মতামত