ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শ্রীঘর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পরিণত হয়েছে ব্যক্তিগত বাসভবনে। বিদ্যালয়ের মাঠে বিয়ের অনুষ্ঠানের গেট, ভবনের ভেতরে কাপড় শুকানো, ধান শুকানো — এমনকি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় ভবনের ভেতরে আতশবাজি ব্যবহারের চিত্রও দেখা গেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে বিদ্যালয়টিতে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে বিয়ের অনুষ্ঠানের গেট স্থাপন করা হয়েছে। ভবনের বিভিন্ন স্থানে কাপড় শুকাতে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের জায়গা ব্যবহার করে ধান শুকানোর দৃশ্যও চোখে পড়ে।
সব মিলিয়ে বিদ্যালয়ের পরিবেশ দেখে মনে হয়েছে, এটি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং একটি ঘরোয়া ভবন।
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও ভবন এভাবে ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের ঘটনায় স্থানীয় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার কথা থাকলেও বিদ্যালয়টির এমন চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুতানার সঙ্গে কথা হলে তিনি এসব বিষয়ে কিছু জানেন না বলে জানান।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব ইসহাক মিয়া দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিদ্যালয় ও বিদ্যালয়ের মাঠ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়,সঠিক তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থে পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও ভবন কীভাবে ব্যক্তিগত অনুষ্ঠানের কাজে ব্যবহার হচ্ছে? বিদ্যালয়ের সম্পদ রক্ষণাবেক্ষণ এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মতামত