নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে উপজেলার বাতদীঘি এলাকায় এ অভিযান পরিচালনা করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. গোলাম আজমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭২/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাতদীঘি এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মধ্যে ৩৭ বোতল ফেয়ারডিল ও ২০ বোতল রেসকোডিল রয়েছে।
জব্দ করা সিরাপগুলো ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত