লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট সংলগ্ন বাঁধের পাড় নিউমার্কেট এলাকায় গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে স্থানীয় একটি সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পুড়িয়া, আনুমানিক ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মগলিবাড়ী গ্রামের মৃত আফজাল খানের ছেলে ও মহাব্বত আলীর পালিত ছেলে মোহাম্মদ মোকলে, বাউরা বাজার গ্রামের আসমত আলীর ছেলে আমের আলী এবং শফিরহাট গ্রামের সফর উদ্দিনের ছেলে মজিবর ভান্ডারী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী জিরোপয়েন্টের কাছাকাছি বাঁধের পাড় নিউমার্কেট এলাকায় মাদক বিক্রির অভিযোগ পেয়ে আলোকিত লালমনিরহাটের ২ নম্বর ওয়ার্ড সামাজিক অপরাধ কমিটির সদস্যরা সেখানে যান। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে তাদের কাছে থাকা গাঁজা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের হেফাজতে নেয়। এ ঘটনায় উদ্ধার করা মাদকের পরিমাণ প্রায় ৩০০ গ্রাম বলে জানা গেছে।
এদিকে, এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
মতামত