রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস- এর দিকনির্দেশনা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়।
বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি আরও জানায়, কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করা হয়েছে।
দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
মতামত