প্রথমবারের মতো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলস্টেশনে পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে এর উদ্বোধন করেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে বিকেল সাড়ে ৫টায় পাবনা স্টেশন থেকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
উদ্বোধন উপলক্ষে ট্রেন সাড়ে ৫টায় ঢাকার পথে ছেড়ে গেলেও আগামীকাল শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা করবে।
পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর। উপস্থিত ছিলেন তিনজন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অধ্যাপক আবু তালেব মণ্ডল ও এ কে এম সেলিম রেজা হাবিব এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ প্রমুখ। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।
রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সারা দেশে রেলওয়ের উন্নয়ন, রেলযাত্রা ও সেবার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য সরকারের যে উদ্যোগ রয়েছে, তা অব্যাহত থাকবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। রেলওয়ের যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মুহূর্ত। অল্পতম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। রবিউল আলম বলেন, পাবনার উন্নয়ন অগ্রাধিকার পাবে। বিএনপি সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। পাবনার রেল যোগাযোগের উন্নয়নসহ সব উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
রেলমন্ত্রী বলেন, চমৎকার এই বিকেলে খুবই আনন্দ লাগছে। সম্পূর্ণ নতুন ট্রেনে আপনাদের সঙ্গে ঢাকায় যাব। পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। তারেক রহমানের সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। তাই পাবনার দাবি অগ্রাধিকার পাবে। আধুনিক রেলের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।
রেলমন্ত্রী রবিউল আলম আরও বলেন, ‘এটাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ভোটের মাধ্যমে আপনারা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখব। বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।’
মতামত